মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সেবা নিতে গিয়ে অরুণ (৪৪) নামের এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যৃ হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় তার মৃত্যু হয়।
নিহত অরুণ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররোহিতা গ্রামের সোলেমান হায়দারের ছেলে।
হাইকমিশন প্রেস উইং তরিকুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে স্ত্রী শাহানাজ শরীফসহ ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য দূতাবাসে উপস্থিত হয়েছিলেন অরুণ। তার শারীরিক অবস্থা বিবেচনা করে মানবিক কারণে তাৎক্ষণিকভাবে তার ট্রাভেল পারমিট ইস্যুর প্রক্রিয়া শুরু করেছিল হাইকমিশন কর্তৃপক্ষ। তবে অপেক্ষমাণ থাকাবস্থায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্সে আসা প্যারামেডিক নার্স পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাইকমিশন থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মালয়েশিয়ান পুলিশকে অবহিত করা হলে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, অরুণ উচ্চ ডায়াবেটিসে ভুগছিলেন এবং সম্প্রতি তার একটি মাইল্ড স্ট্রোক হয়েছিল। অরুণের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন কর্তৃপক্ষ নিহতের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।



