মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ।
প্রেস ক্লাবের আহ্বায়ক ও বিডিনিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণকে সাধারণ সম্পাদক এবং নাগরিক টিভির প্রতিনিধি বাপ্পী কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত এই শীর্ষ তিন সাংবাদিক টানা দ্বিতীয়বারের মতো যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব লাভ করলেন।
নতুন কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রফিক আহমদ খান সিনিয়র সহ-সভাপতি এবং এনটিভির কায়সার হামিদ হান্নান, সময় টিভির মোহাম্মদ আবদুল কাদের, নিউজ ২৪-এর খন্দকার মোস্তাক আহমেদ রয়েল ও দৈনিক নয়া দিগন্তের আশরাফুল মামুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওআইসি টুডে’র সাঈদ হক ও ডিবিসি নিউজের মোহাম্মদ আলী এবং প্রচার ও দফতর সম্পাদক হয়েছেন দ্য নিউজ মালয়েশিয়ার সওকত হোসেন জনি।
কার্যনির্বাহী সদস্য হিসেবে একাত্তর টিভির মোস্তফা ইমরান রাজু ও বাংলা টিভির মো: আরিফুজ্জামান এবং সাধারণ সদস্য হিসেবে ফটো সাংবাদিক এম. ফরহাদ হোসেন ও বশির ইবনে জাফর কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।



