বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত এক আন্তরিক ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
শুক্রবার (৩১ জুলাই) রাতে মালদ্বীপের রাজধানী মালের ভিলা কলেজ অডিটোরিয়ামে কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসীবান্ধব এ নেতাকে সংবর্ধনা দেন নেতাকর্মীরা।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। এসময় উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে মালদ্বীপে সফরত এমপি এম এ হান্নানকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ছোট একটা দ্বীপ রাষ্ট্র বা ক্ষুদ্র একটি দেশ। এই দেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের বসবাস। এখান থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য যথেষ্ট কোনো ব্যাংকিং পরিষেবা নেই। তাই দেশে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর জন্য মালদ্বীপে বাংলাদেশের যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনসহ ঢাকা-মালে রুটে বাংলাদেশ বিমান চালুর বিষয়ে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আমাদের এই সমস্যাগুলো তুলে ধরবেন বলে প্রত্যাশা করি।’
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত সংসদ সদস্য এম এ হান্নান উপস্থিত সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আপনাদের সকল সমস্যাগুলো শুনেছি। এবং আমি সবসময় প্রবাসী ভাই-বোনদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। দেশের স্বার্থে এবং প্রবাসীদের কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।’
এছাড়াও তিনি দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখার জন্য প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার নির্বাচনী এলাকার সব প্রবাসীকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে।’
একই সাথে দেশের সব সংসদ সদস্যকেও নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এ সুবিধার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
শেষে ফুলেল শুভেচ্ছা, করতালি আর ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধিত প্রধান অতিথিকে বিএনপি মালদ্বীপ শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো: শাহ আলম, মো: ফারুক হোসেন, মো: আলতাফ হোসেন, মো: মুক্তার হোসেন মুক্তার, মো: ইলিয়াস মিয়া, মো: এরশাদ মেল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, যুবদল নেতা আলী ফরহাদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো: আলমগীর শিকদার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ দেশটিতে বসবাসরত নাসিরনগর ও এর আসপাশের উপজেলা বিএনপি পরিবারের বিপুল প্রবাসী বাংলাদেশীরা।



