মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন মালদ্বীপ বিএনপির

প্রবাসের মাটিতে এমন আনন্দঘন আয়োজন প্রমাণ করে দেশের রাজনৈতিক পরিবর্তনের সাড়া শুধু দেশের ভেতরেই নয়, বিদেশে অবস্থানরত প্রবাসীদের হৃদয়েও সমানভাবে অনুরণিত হয়।

ওমর ফারুক, মালদ্বীপ
দোয়া মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন
দোয়া মাহফিলের মাধ্যমে বিজয় উদযাপন |নয়া দিগন্ত

দেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় দেশের পাশাপাশি আনন্দের জোয়ার বইছে সুদূর মালদ্বীপেও। এই ঐতিহাসিক বিজয় উদযাপনে দেশটির রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে চলছে মিষ্টি বিতরণ, আনন্দ-উচ্ছ্বাস ও দোয়া মাহফিল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় জুমার নামাজের পর ও রাত সাড়ে ১১টায় রাজধানী মালের স্থানীয় হোটেলে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আন্দোলনে নিহত সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য হোসেন ফারুক, সহ-সভাপতি হোসেন সুমন, শাহ আলামসহ সাংগঠনিক ও সেন্ট্রাল জিয়া স্মৃতি পাঠাগার-এর সদস্য মো: জামাল খান, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, সদস্য সচিব নুর নবী মানিক, ফয়সাল হাবিব, মো: শামীম হোসেন, মো: মইনুল খন্দকার, আমির রায়হানসহ বিজয় উদযাপনের এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন দ্বীপ থেকে আগত বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অনুষ্ঠানে সমবেত হন।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা একে-অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং বিজয়ের উচ্ছ্বাসে একে অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসের মাটিতে এমন আনন্দঘন আয়োজন প্রমাণ করে দেশের রাজনৈতিক পরিবর্তনের সাড়া শুধু দেশের ভেতরেই নয়, বিদেশে অবস্থানরত প্রবাসীদের হৃদয়েও সমানভাবে অনুরণিত হয়।