মালদ্বীপের স্বাধীনতার ৬১ তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরের অংশ হিসেবে তিনি দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে পৌঁছলে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম তাকে স্বাগত জানান।
এরপর পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনের সাম্প্রতিক কার্যক্রমের উপর ভিডিও পরিদর্শনের পাশাপাশি পাসপোর্ট, ভিসা ও লেবার উইং পরিদর্শন করেন এবং হাইকমিশনের বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। বিশেষ করে চলমান ই-পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম ঘুরে দেখেন।
হাইকমিশন পরিদর্শনকালে পরাষ্ট্রমন্ত্রী সেবাগ্রহীতাদের সাথেও সরাসরি কথা বলেন। এসময় তিনি মনোযোগ সহকারে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শুনেন। বিশেষ করে মালদ্বীপ থেকে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর জন্য দেশটিতে বাংলাদেশের যেকোনো একটি বাণিজ্যিক ব্যংকের শাখা স্থাপনসহ ঢাকা-মালে রুটে বাংলাদেশ বিমান চালুর বিষয়ে আলোচানা করেন।
এসময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা হয় এবং কোনো প্রকার হয়রানির শিকার না করা হয় সে বিষয়ে নির্দেশনা দেন।
পরে পরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের সমস্যা, কনস্যুলার সেবাকে আরো সহজ ও কার্যকর করা, শ্রমবাজার সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। একইসাথে দেশের ভাবমূর্তি আরো উন্নত করতে তাদের অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় হাইকমিশনের কর্মকর্তারা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য চলমান কনস্যুলার সেবার বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে পরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার দফতরের পরিচালক জাকির আহমেদ, সহকারী সচিব রাফিদ মাহবুব আহমদ এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডো মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাউজে যান। সেখানে তার সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
হাইকমিশন পরিদর্শন শেষে মন্ত্রী ভিজিটর বুকে সই করেন এবং হাইকমিশনের আধুনিক সেবা পদ্ধতিসহ অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছানো প্রবাস-বান্ধব অফিস দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এজন্য মন্ত্রী হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামসহ মিশনের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রবাসীদের সেবা দেয়ার আহ্বান জানান।



