ব্রাহ্মণবাড়িয়ার এমপি এম এ হান্নানকে মালদ্বীপে সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রবর্তিত প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় তার নির্বাচনী এলাকার যোগ্য সব প্রবাসীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

ওমর ফারুক, মালদ্বীপ
এমপিকে সংবর্ধনা
এমপিকে সংবর্ধনা |নয়া দিগন্ত

দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে সফরত বিএনপির বর্তমান সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-১) ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত নাসিরনগর ও এর আসপাশের উপজেলা বিএনপি পরিবারের প্রবাসী বাংলাদেশীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে বিএনপি নেতাকর্মীরা নেতারা ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মুক্তার হোসেন মুক্তার, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ নাসিরনগর উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় শেষে এমপি এম এ হান্নান সাংবাদিকদের বলেন, ‘মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল সমর্থন ও পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।’

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রবর্তিত প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় তার নির্বাচনী এলাকার যোগ্য সব প্রবাসীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে।’

একই সাথে দেশের অন্যান্য সংসদ সদস্যদেরকেও নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এই সুবিধার আওতায় আনার আহ্বান জানান তিনি।

এমপি এম এ হান্নান মালদ্বীপে বসবাসরত নাসিরনগরের প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখার জন্যও তাদের প্রশংসা করেন তিনি।

চার দিনের এ মালদ্বীপ সফরের অংশ হিসেবে এমপি এম এ হান্নান দেশটিতে বসবাসরত তার নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করবেন। এবং এর পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, কল্যাণ ও এলাকার উন্নয়ন নিয়েও মতামত গ্রহণ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, এম এ হান্নান ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।