ঈদে দেশে ফিরতে মালয়েশিয়ার ইমিগ্রেশনে বাংলাদেশীদের ভিড়

চাপ সামলাতে অভিবাসন কর্মকর্তারা রাত ১০টা পর্যন্ত কাজ করছেন। প্রতিদিন সকাল ৮টায় অফিস খুললেও সেবা পাওয়ার আশায় ভোর ৬টা থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ার অভিবাসন অফিস
মালয়েশিয়ার অভিবাসন অফিস |নয়া দিগন্ত

আসন্ন ঈদুল ফিতর নিজ দেশে পরিবারের সাথে উদযাপন করতে মালয়েশিয়ার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নিবন্ধনের জন্য সারেম্বান অভিবাসন অফিসে ভিড় করছেন শত শত কাগজপত্রহীন বিদেশী শ্রমিক। বিশেষ করে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকরা এই সুযোগ কাজে লাগিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরমধ্যে লক্ষাধিক অবৈধ অভিবাসী জরিমানা দিয়ে নিজ দেশে ফিরছেন। যাদের বেশিভাগই বাংলাদেশী প্রবাসী।

নেগেরি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানিয়েছেন, গত ফেব্রুয়ারির শুরু থেকেই ভিড় বাড়তে শুরু করলেও গত দুই সপ্তাহে তা কয়েকগুণ বেড়েছে। কুয়ালালামপুর ও সেলাঙ্গরের মতো পার্শ্ববর্তী এলাকা থেকেও অনেক শ্রমিক এখানে আসছেন। যদিও সারেম্বান অফিস প্রতিদিন ১৫০ জন আবেদনকারীকে সেবা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, তবে সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন ১৮০ জনের বেশি সরাসরি (ওয়াক-ইন) আবেদনকারী আসছেন।

চাপ সামলাতে অভিবাসন কর্মকর্তারা রাত ১০টা পর্যন্ত কাজ করছেন। প্রতিদিন সকাল ৮টায় অফিস খুললেও সেবা পাওয়ার আশায় ভোর ৬টা থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।