মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

মালদ্বীপ প্রেসিডেন্ট ও সার্ক মহাসচিব উভয়েই সার্কের প্রধান উদ্যোগগুলো পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে আঞ্চলিক সংহতি ও সম্মিলিত অগ্রগতি আরো গভীর করার পথ নিয়ে আলোচনা করেন।

ওমর ফারুক, মালদ্বীপ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, সার্কের কার্যক্রম পুনরুজ্জীবন এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সোমবার (১০ আগস্ট) মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম পিএসএম এই তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে মালদ্বীপ প্রেসিডেন্ট তার পুরো কার্যকাল জুড়ে সার্ক মহাসচিবের নিবেদিত সেবা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। এই সংস্থাকে শক্তিশালী করার জন্য মালদ্বীপ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. মুইজ্জু সার্ক মহাসচিবের নেতৃত্বের প্রশংসা করেন।

সার্ক মহাসচিব গোলাম সারওয়ার মালদ্বীপের কাছ থেকে প্রাপ্ত অবিচল সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সার্কের জন্য মালদ্বীপের গুরুত্ব আরো তুলে ধরেন এবং সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার জন্য মালদ্বীপ প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালদ্বীপ প্রেসিডেন্ট ও সার্ক মহাসচিব উভয়েই সার্কের প্রধান উদ্যোগগুলো পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে আঞ্চলিক সংহতি ও সম্মিলিত অগ্রগতি আরো গভীর করার পথ নিয়ে আলোচনা করেন।

সভা শেষে মালদ্বীপ প্রেসিডেন্ট সার্ক মহাসচিবের ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য শুভকামনা জানান এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশম আদমের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।বৈঠকে উভয়ের মধ্যে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সহনশীল দক্ষিণ এশিয়ার সমর্থনে সার্কের গতি পুনরুদ্ধার এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার যৌথ সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।

প্রসাথে, মালদ্বীপ সার্কের একটি প্রতিষ্ঠাতা সদস্য, যা ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, পেশাদার কূটনীতিক মো. গোলাম সারোয়ার ১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কূটনৈতিক জীবনে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।