মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন

টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
মালদ্বীপে অসুস্থ প্রবাসী কামাল হোসেনের হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করা হচ্ছে
মালদ্বীপে অসুস্থ প্রবাসী কামাল হোসেনের হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করা হচ্ছে |বাসস

মালদ্বীপে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশী কর্মী কামাল হোসেনের (৪২) পাশে দাঁড়িয়েছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন।

মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে দেশে পাঠাতে বিমানের টিকিট দেয়া হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে এই প্রবাসী কর্মীর হাতে দেশে প্রত্যাবর্তনের বিমানের টিকিট হস্তান্তর করেন।

আজ রোববার মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মালদ্বীপ প্রবাসী কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবাযত্ন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, এ বিমান টিকিটটি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে দেয়া হয়েছে।

টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের যেকোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে।’

টিকিট হস্তান্তর অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো: মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস