সিনেমা প্রেমীদের নজর ফ্রান্সে

কাল শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কান শহরের বিখ্যাত ‘পালে দে ফেস্টিভাল’ প্রাঙ্গণে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বহুল আলোচিত লাল গালিচা পর্ব, যেখানে অংশ নেবেন বিশ্বের খ্যাতিমান চলচ্চিত্র তারকারা।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লোগো
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লোগো |নয়া দিগন্ত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। তাই বিশ্ব সিনেমা প্রেমীদের নজর এখন ফ্রান্সে।

আগামীকাল মঙ্গলবার (১২ মে) ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর কান-এ শুরু হচ্ছে ৭৯তম উৎসব। ২৩ মে পর্যন্ত চলবে এ বছরের এই জমকালো আয়োজন।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কান শহরের বিখ্যাত ‘পালে দে ফেস্টিভাল’ প্রাঙ্গণে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বহুল আলোচিত লাল গালিচা পর্ব, যেখানে অংশ নেবেন বিশ্বের খ্যাতিমান চলচ্চিত্র তারকারা।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকছেন ফরাসি অভিনেত্রী আই হাইদারা। আর প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান-উক।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২১টি চলচ্চিত্র। ‘পাম দ্যর’ বা সোনালি পাম পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের কয়েকজন কিংবদন্তি পরিচালক। তাদের মধ্যে রয়েছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা, পাওয়েল পাভলিকোভস্কি এবং রিউসুকে হামাগুচির মতো নির্মাতারা।

প্রতিযোগিতা বিভাগের আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে পেদ্রো আলমোদোভারের বিটার ক্রিসমাস, ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ফিয়র্ড, পাওয়েল পাভলিকোভস্কির ফাদারল্যান্ড, আসগর ফারহাদির প্যারালাল টেলস, রিউসুকে হামাগুচির অলঅব আ সাডেন এবং হিরোকাজু কোরে-এডার শিপ ইন দ্য বক্স।

এবারের উৎসবে হলিউড নির্ভরতার পরিবর্তে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। মূল প্রতিযোগিতায় একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে থাকছেন ইরা স্যাক্স। তার চলচ্চিত্র দ্য ম্যান আই লাভ নির্মিত হয়েছে আশির দশকের নিউইয়র্কের এইডস সংকটকে কেন্দ্র করে।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা দ্যইলেকট্রিক কিস। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে প্রিমিয়ার বিভাগে প্রদর্শিত হবে হলিউড তারকা জন ট্রাভোল্টার পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ।

চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের সম্মানসূচক ‘পাম দ্যর’ প্রদান করা হবে নিউজিল্যান্ডের কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন এবং মার্কিন সংগীত ও চলচ্চিত্রশিল্পী বারব্রা স্ট্রাইস্যান্ডকে।

উৎসব চলাকালে চলচ্চিত্র প্রদর্শনী, বিশ্ব প্রিমিয়ার, সংবাদ সম্মেলন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার কার্যক্রম একযোগে চলবে। সাধারণত শতাধিক দেশের চলচ্চিত্র ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে কান চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র সমাবেশে পরিণত হয়।

এবারের আসরে কোনো নির্দিষ্ট প্রতিপাদ্য ঘোষণা করা হয়নি। তবে নতুন প্রজন্মের নির্মাতাদের অংশগ্রহণ, বিশ্ব সিনেমার বৈচিত্র্য এবং নারী-পুরুষ চলচ্চিত্রকারদের প্রতিনিধিত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে শেষ হবে বিশ্ব চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন। তবে পুরো উৎসবজুড়ে কান শহরই থাকবে বিশ্ব সিনেমার কেন্দ্রবিন্দুতে।