তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এই শপথ অনুষ্ঠানকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু |নয়া দিগন্ত

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: সোহেল পারভেজ নয়া দিগন্তকে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই শপথ অনুষ্ঠানে সরাসরি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু অংশ নেবেন বলে নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এই শপথ অনুষ্ঠানকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের প্রতি আস্থার প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২৩ সালের ১৭ নভেম্বর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশটির ৮তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন বার্তা দিয়ে দুই দেশের সম্পর্ক আরো গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত্ব, রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।