এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালদ্বীপ শাখার ইফতার মাহফিল

রোববার সন্ধ্যায় রাজধানী মালের ফুডকোটে এ জমকালো ইফতার মাহফিলের আয়োজন করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালদ্বীপ শাখা।

ওমর ফারুক, মালদ্বীপ
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানী মালের ফুডকোটে এ জমকালো ইফতার মাহফিলের আয়োজন করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালদ্বীপ শাখা।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালদ্বীপ শাখার আহ্বায়ক ড. নাফিজ রেজার সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব ইয়াকুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো: আলমগীর সিকদার ও বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পাঠাগার বিষয়ক সম্পাদক দিদারুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা।

ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করার পাশাপাশি রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা বলেন, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একইসাথে প্রবাসী বাংলাদেশীদের সমস্যাগুলো তুলে ধরে, তাদের অধিকার রক্ষায়ও দলটি সবসময় সোচ্চার ভূমিকা পালন করছে।

এছাড়াও সংগঠনটির নেতাকর্মীরা বলেন, আমাদের সংগঠন সবসময় প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। আমরা প্রবাসীদের অধিকার আদায়ে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।