ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিকদের উপস্থিতি। বিশেষ করে আসন্ন পৌরসভা বা স্থানীয় নির্বাচনে বিভিন্ন শহরে বাংলাদেশী প্রার্থীদের অংশগ্রহণ নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে ব্যবসা, শ্রমবাজার ও সামাজিক সংগঠনে সক্রিয় থাকা প্রবাসী বাংলাদেশীরা এখন মূলধারার রাজনীতিতেও নিজেদের জায়গা করে নিতে শুরু করেছেন।
বিশ্লেষকদের মতে, এটি কেবল রাজনৈতিক অংশগ্রহণের বিষয় নয়। বরং ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির সামাজিক প্রতিষ্ঠা ও নাগরিক সচেতনতারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
ইল-দ্য-ফ্রান্স অঞ্চলের বেশ কয়েকটি শহরে আগামী ১৫ মার্চ ফ্রান্সে অনুষ্ঠিতব্য পৌরসভা বা স্থানীয় নির্বাচনে বিভিন্ন পদে অর্ধডজনেরও বেশি বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেউ ডেপুটি মেয়র পদে, কেউ বা সিটি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
পার্থীদের মধ্যে বেশির ভাগই তরুণ প্রার্থী। ফলে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে এ নির্বাচন ঘিরে নতুন ধরণের আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
অনেকের মতে, ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ বৃদ্ধি কমিউনিটির রাজনৈতিক সচেতনতা ও সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করবে।
প্রার্থীদের অনেকেই দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক সংগঠন কিংবা স্থানীয় কমিউনিটি সেবার সাথে যুক্ত আছেন। সেই অভিজ্ঞতাকেই রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজে লাগাতে চান তারা।
তাদের মতে, স্থানীয় পরিষদে প্রতিনিধিত্ব থাকলে প্রবাসী কমিউনিটির বাস্তব সমস্যাগুলো আরো কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের বড় একটি অংশ প্যারিস ও আশপাশের শহরগুলোতে বাস করেন। ব্যবসা, রেস্টুরেন্ট, খুচরা বাণিজ্য এবং বিভিন্ন সেবাখাতে তাদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন বা রাজনৈতিক কাঠামোয় বাংলাদেশীদের প্রতিনিধিত্ব ছিল খুবই সীমিত। ফলে শিক্ষা, আবাসন, কর্মসংস্থান কিংবা প্রশাসনিক নানা জটিলতার বিষয়ে কমিউনিটির মতামত অনেক সময় যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি। এ পরিস্থিতি বদলাতেই অনেক বাংলাদেশী তরুণ এখন স্থানীয় রাজনীতিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
তাদের মতে, একজন কাউন্সিলর বা স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করলে এলাকার উন্নয়ন পরিকল্পনায় সরাসরি ভূমিকা রাখা যায় এবং বিভিন্ন অভিবাসী কমিউনিটির মধ্যেও সমন্বয় তৈরি করা সম্ভব হয়।
ফ্রান্সের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে সাধারণত ফরাসি নাগরিকত্ব প্রয়োজন হয়। গত দুই দশকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী অভিবাসী ফরাসি নাগরিকত্ব অর্জন করেছেন। এর ফলে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগও বেড়েছে। যারা আগে শুধু ভোটার ছিলেন, তাদের মধ্য থেকেই এখন অনেকেই প্রার্থী হচ্ছেন।
এছাড়া ফ্রান্সের রাজনৈতিক সংস্কৃতিতে স্থানীয় পর্যায়ের নির্বাচনকে নাগরিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হয়। অনেক রাজনৈতিক দলও এখন অভিবাসী পটভূমির প্রার্থীদের দলে অন্তর্ভুক্ত করছে, যাতে বহু সাংস্কৃতিক সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়।
ফ্রান্সে অভিবাসী ভোটারদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে প্যারিস ও আশপাশের শহরগুলোতে বাংলাদেশীসহ দক্ষিণ এশীয় কমিউনিটির ভোটার সংখ্যা উল্লেখযোগ্য। এই বাস্তবতায় বিভিন্ন রাজনৈতিক দলও বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের মনোনয়ন দিতে আগ্রহ দেখাচ্ছে। এতে একদিকে যেমন দলগুলো নতুন ভোটারগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছে, অন্যদিকে অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বও বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়া বহু সাংস্কৃতিক ফরাসি সমাজে গণতান্ত্রিক অংশগ্রহণকে আরো বেশী শক্তিশালী করতে পারে।
ফ্রান্সে বসবাসরত অনেক বাংলাদেশী মনে করেন, স্থানীয় রাজনীতিতে নিজেদের প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা উভয়ই প্রশাসনের কাছে তুলে ধরা সহজ হয়। এছাড়া তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক দায়িত্ববোধও বাড়ে। তারা বুঝতে পারে যে, শুধু অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়াই নয়, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও অংশ নেয়া প্রয়োজন।
অনেকের মতে, এই রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যতে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষা ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণ আগামী বছরগুলোতে আরো বাড়বে। নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি, নাগরিকত্ব অর্জন এবং সামাজিক সংগঠনের বিস্তার এ প্রবণতাকে আরো শক্তিশালী করছে।
ফলে ফ্রান্সের স্থানীয় নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের উপস্থিতি কেবল একটি সাময়িক ঘটনা নয়। বরং এটি প্রবাসী বাংলাদেশীদের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার অংশ। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় রাজনীতিতেও বাংলাদেশী বংশোদ্ভূত নেতাদের ভূমিকা আরো দৃশ্যমান হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফ্রান্সে বাংলাদেশী অভিবাসনের ইতিহাস প্রায় চার দশকের। প্রথমদিকে যারা শ্রমবাজার বা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত হয়ে এখানে বসতি গড়েছিলেন, তাদের পরবর্তী প্রজন্ম এখন শিক্ষিত ও সামাজিকভাবে আরো সংগঠিত। ফলে স্থানীয় সমাজ ও রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রবণতা বাড়ছে।



