কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশীসহ আটক ২০০

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়। আটক বিদেশীদের মধ্যে বাংলাদেশী কতজন তা জানা যায়নি।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
কুয়ালালামপুরের চেরাস এলাকার একটি বাজারে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযান
কুয়ালালামপুরের চেরাস এলাকার একটি বাজারে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযান |সংগৃহীত

মালয়েশিয়ায় কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি রাত্রিকালীন বাজারে অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশসহ সাত দেশের ২০০ বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়। আটক বিদেশীদের মধ্যে বাংলাদেশী কতজন তা জানা যায়নি।

দেশটির গণমাধ্যম বারনামা জানায়, আটক হওয়া অধিকাংশ বিদেশী স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচাবাজার, মাছ-গোশত, রান্নার উপকরণ ও প্রস্তুত করা খাবার কিনতে বাজারে এসেছিলেন। প্রতিদিনের মতো ওই সন্ধ্যাতেও বাজারটিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশে বসবাসকারী বিপুলসংখ্যক বিদেশী শ্রমিক ও অভিবাসীর উপস্থিতি ছিল।

সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) বাজারের প্রবেশপথ ঘিরে ফেলে। একই সময়ে সাধারণ ক্রেতার ছদ্মবেশে আগে থেকেই অবস্থান নেয়া কর্মকর্তারা অভিযান শুরু করেন। ফলে অনেকের পালানোর সুযোগ সীমিত হয়ে পড়ে।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, অভিযানে মোট ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪০৭ জন বিদেশী এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।

তিনি বলেন, মোট ২০০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারী। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।