মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসেই একটি মোবাইল অ্যাপস ব্যবহার করে বাংলাদেশের সব মোবাইল ব্যাংকিং ও করপোরেট ব্যাংকে সহজেই বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর অনুমোদন পেল বহুজাতিক সংস্থা রিয়া ই-ওয়ালেট। এখন থেকে ঘরে বসেই মোবাইল ই-ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে পারবে প্রবাসীরা।
এক্ষেত্রে ব্যাংক কিংবা মানিট্রান্ফার সেন্টারে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ ও নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ই-ওয়ালেটে বেতন প্রদান করতে পারবেন। মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় (জেটিকে) এ অনুমোদন প্রদান করে।
বুধবার (১১ জুন) দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল কুয়ালালামপুরের লে মেরিডিয়ান হোটেলের গ্যালারীতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হয়, রিয়া মানি ট্রান্সফার এবং ইউরোনেট ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড-এর একটি ব্যনিজ্যিক শাখা, মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় (জেটিকে) এসএম থেকে রিয়া ই-ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল বেতন পরিশোধ করার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।
এই অনুমোদনের মাধ্যমে রিয়া এখন মালয়েশিয়ার বৃহৎ প্রবাসী শ্রমিক জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ, বৈধ চ্যানেলে ও নিয়ম অনুযায়ী বেতন ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করতে পারবে। যাদের একটি বড় অংশ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছে।
এই সমাধানটির আওতায় থাকবে, রিয়া পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়া ওয়ালেট, রিয়া প্রিপেইড কার্ড প্রোগ্রাম (মাস্টারকার্ডের সাথে যৌথভাবে তৈরি)
প্রতিবেদনে আরো বলা হয়, ডিজিটাল সার্ভিসের পাশাপাশি, মালয়েশিয়া জুড়ে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফারের ৭৮টি শাখা রয়েছে। ডিজিটালের পাশাপাশি রিয়া মানি ট্রান্সফারে সেমি-ডিজিটাল সার্ভিসও রয়েছে, যা গ্রাহকদের ই ওয়ালেট এবং কাউন্টারের মাধ্যমে অফলাইনে রেমিটেন্স প্রদানের সুযোগ করে দেয়।
রিয়া ই-ওয়ালেট ও মাস্টার কার্ড ব্যবহার করে দেশে রেমিট্যান্স প্রেরণ সরকারও নিদিষ্ট হারে রাজস্ব পাবে। প্রবাসীরা ঘরে বসেই বৈধ চ্যানেলে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন ২৪ ঘণ্টার যেকোনো সময়।
বাংলাদেশে নিরাপদে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফার একটি দুর্দান্ত মাধ্যম বলে জানান রিয়া-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তারা বলেন, ঘরে বসেই মোবাইল ব্যবহার করে সহজেই নিজ দেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা থাকায় প্রবাসীরা অবৈধ চ্যানেল পরিহার করে বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোতে উৎসাহিত হবে এবং দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।



