মালয়েশিয়ার পেরাক রাজ্যে ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক হন এক বাংলাদেশী নাগরিক। কিন্তু তিনি মানসিক ভারসাম্যহীন এবং কথা বলতে ও লিখতে না পারায় তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বাংলাদেশ হাইকমিশন ওই ব্যক্তির তথ্য দিতে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
বর্তমানে ওই ব্যক্তি গুরুতর অসুস্থ অবস্থায় পেরাক রাজ্যের একটি সরকারি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বরে মালয়েশিয়ান পুলিশ পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। আটকের সময় তিনি অত্যন্ত অসুস্থ থাকায় পুলিশ তাকে পেরাক রাজ্যের হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তাতে ভর্তি করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়ে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ হাইকমিশনের একজন প্রতিনিধি সেখানে তাকে দেখতে যান। পরিদর্শনকালে দেখা যায়, ওই ব্যক্তি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না এবং কোনো কিছু লিখতেও পারছেন না। ফলে তার নাম, ঠিকানা বা আত্মীয়স্বজন সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তি বর্তমানে মানসিকভাবে সুস্থ নন। তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য দীর্ঘমেয়াদি নিবিড় চিকিৎসা ও তত্ত্বাবধান প্রয়োজন।
বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, তার কর্মস্থল বা পরিবারের কোনো সদস্যের সম্পর্কে তথ্য জেনে থাকে, তবে দ্রুত হাইকমিশনকে জানানোর জন্য অনুরোধ করেছে। মানবিক এ বিষয়টি গুরুত্বের সাথে দেখে সব প্রবাসী বাংলাদেশীর সহযোগিতা কামনা করেছে দূতাবাস।



