মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটসাল ম্যাচে জিওম্যাটিকা বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাংবাদিকরা।
বুধবার (১৮ মে) রাজধানীর কুয়ালালামপুরের লালাপোর্ট ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি উপভোগ করতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।
খেলার শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের দখলে। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় তারা।
অন্যদিকে, জিওম্যাটিকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেন আলী হায়দার, ড. রনি এবং গোলকিপার সাব্বির দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় প্রেসক্লাবের সাংবাদিকরা।
এ সময় তারা প্রতিপক্ষের জালে জড়ান আরো তিনটি গোল। দলের পক্ষে সর্বোচ্চ দু’টি গোল করে জয়ের মূল নায়ক বনে যান প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু। ম্যাচ শেষে উৎফুল্লতার সাথে জয় উদযাপন করেন সাংবাদিকরা।



