মালদ্বীপে স্ট্রোক করে বাংলাদেশী যুবকের মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।

ওমর ফারুক, মালদ্বীপ
মৃত শেখ ফরিদ
মৃত শেখ ফরিদ |নয়া দিগন্ত

মালদ্বীপে স্ট্রোক করে মো: শেখ ফরিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০) স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদ ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নসা মিয়ার ছেলে।

ফরিদের আত্মীয় মালদ্বীপ প্রবাসী বাপ্পি বলেন, ‘তিনি দুই বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে আসেন। তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করলে তারা জানায়, আমরা এ বিষয়ে অবগত আছি। এবং ফরিদের আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে মরহুমের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তার লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়ার সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।