জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে : নাহিদ ইসলাম

জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জুলাইয়ে মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তন কারো উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাই সফল হবে না।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
ভার্চুয়ালি বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ
ভার্চুয়ালি বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলে এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে। এর ফলে তাদের প্রতি মানুষের আস্থার সঙ্কট তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রবাসীরা বিপুল সংখ্যায় ১১ দলীয় জোটকে ভোট দেয়ায় বিএনপি সরকার প্রবাসীদের ভয় পাচ্ছে। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকারের দাবি জানাচ্ছি আমরা। সম্প্রতি বিএনপির সদ্য বিদায়ী মহাসচিবের রংপুর বিভাগ নিয়ে দেয়া বক্তব্যেও এমন চিত্র উঠে এসেছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জুলাইয়ে মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তন কারো উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাই সফল হবে না।’

তিনি বলেন, ‘অর্থনীতিকে ফ্যাসিবাদের আমলের ধারাবাহিকতায় আবারো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেয়া হচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ প্রয়োজন।’

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব জনতা সম্পন্ন করতে বাধ্য হবে।’

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, ‘আমরা এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। আমাদের দেশমাতৃকার জন্য দায়িত্ব রয়েছে। জুলাই আমাদের দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলাউদ্দিন মোহাম্মদ।

সভায় জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং গুম ও আয়নাঘরের ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য দেন।

অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ফ্রান্স শাখার সদস্য ডা: মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, অ্যাক্টিভিস্ট ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ ও ইকরামুল কবির সালমানসহ আরো অনেকে।