মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশীসহ ২১৮ অভিবাসী আটক

অভিযানে মোট এক হাজার ৮৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ১৮ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশীকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় আটক অভিবাসীরা
মালয়েশিয়ায় আটক অভিবাসীরা |নয়া দিগন্ত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেরাস এলাকায় এক বিশেষ অভিযানে ২১৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ৫৬ জন বাংলাদেশী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে তামান ইমাসের ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আধুনিক ‘থার্মাল ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করা হয়। ড্রোনের সহায়তায় ভবনের ছাদে লুকিয়ে থাকা বিপুলসংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।

ইমিগ্রেশন বিভাগের (অপারেশন) উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট এক হাজার ৮৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ১৮ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশীকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ৫২ জন নারী রয়েছেন। জাতীয়তা অনুযায়ী আটকদের মধ্যে ৭৮ জন মিয়ানমারের, ৫৬ জন বাংলাদেশের, ৪৪ জন ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার। এছাড়া নেপাল, ভারত ও শ্রীলঙ্কাসহ অন্য দেশের নাগরিকও রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ ও জাতীয় নিবন্ধন বিভাগের প্রায় ৩০০ কর্মকর্তার সমন্বয়ে এ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।