এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্যারেন্টিং বিষয়ক আলোচনা সভা

প্যারিসের ওভারভিলিয়ের এলাকায় এমসি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় শাখার নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
প্যারেন্টিং বিষয়ক আলোচনা সভা
প্যারেন্টিং বিষয়ক আলোচনা সভা |নয়া দিগন্ত

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে পরিচালিত আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউট ফ্রান্সের আয়োজনে প্যারেন্টিং বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মার্চ) প্যারিসের ওভারভিলিয়ের এলাকায় এমসি ইনস্টিটিউট ফ্রান্সের দ্বিতীয় শাখার নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের সভাপতি ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা শরীফ আল মোমীন, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, কবি আব্দুল আজিজ সেলিম, মাওলানা নাজির আহমদ, মাওলানা কাওছার আহমদ, হাফেজ ইমরান আহমদ, ‘ফ্রেন্স উইথ রিফাত’-এর প্রতিষ্ঠাতা আল রিফাত, ‘ফ্রসে আভেক রাব্বানী’-এর প্রতিষ্ঠাতা কৌশিক রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী এনাম আহমদ, ফেরদৌস রহমান, জহির উদ্দিন ও ফারুক মিয়া প্রমুখ। এমসি ইনস্টিটিউটের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লুৎফর রহমান ও সদস্য কবি তোফায়েল আহমদ জয়নুল।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বর্তমান প্রজন্মের নৈতিক ও মানসিক বিকাশ, ডিজিটাল যুগে সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এবং পরিবারে ইতিবাচক যোগাযোগ গড়ে তোলার কৌশল।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের মানসিক চাহিদা বোঝা অত্যন্ত জরুরি।

আলোচনায় বক্তারা অভিভাবকদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। তারা জোর দিয়ে বলেন, সন্তানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

প্রশ্নোত্তর পর্বে অভিভাবকরা সন্তানদের পড়াশোনা, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচকরা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের জন্য বেলুন ফাটানো খেলা ও রমজান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইফতার শেষে এমসি ইনস্টিটিউট গার্জ লে গনেশ শাখার ক্ষুদে শিল্পীরা আদর্শিক সংগীত পরিবেশন করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবার ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন।