অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ মুসলিম নেতৃবৃন্দের সম্মানে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিয়েনা সিটি হলের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র লুডভিগের সভাপতিত্বে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট উমিত ভুরাল। অনুষ্ঠানে অস্ট্রিয়ার বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
স্বাগত বক্তব্যে মেয়র লুডভিগ প্রধান অতিথিসহ উপস্থিত ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে সাদর অভ্যর্থনা জানান। তিনি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও জাতীয় বিভিন্ন ক্ষেত্রে ভিয়েনা সিটি প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া এবং সংশ্লিষ্ট কমিউনিটির নেতাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রটোকল টেবিলে আরো উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মুল্লুওগ্লু, অথরিটির ভাইস-প্রেসিডেন্ট আদিস কান্দিস, ভিয়েনা প্রাদেশিক পার্লামেন্ট সদস্য আসলিহান বজাতেমার, অথরিটির সাবেক প্রেসিডেন্ট ড. আনাস শাকফে, ড. ফুয়াদ সানাচ, টার্কিশ ইসলামিক কমিউনিটি (আতিব)-এর চেয়ারম্যান আজিজ অল্টিনেল, এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদসহ অন্যান্য কেন্দ্রীয় শুরা সদস্য, ইমাম পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের ইসলামী ধর্মীয় শিক্ষার পরিদর্শকবৃন্দ।
এছাড়া তুর্কি, বসনিয়ান, আরব, আলবেনিয়ান, আফ্রিকান ও এশীয়সহ অস্ট্রিয়ার অন্তত দশটি ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক মুসলিম নেতা অনুষ্ঠানে অংশ নেন।
এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ আমন্ত্রণের জন্য মেয়র ড. মাইকেল লুডভিগকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. ফারুক আল মাদানী ও রফিকুল ইসলাম রুবেল।



