শাবিপ্রবিতে শিবিরের সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

‘ছাত্রশিবির এই আয়োজন করেছে সিরাতকে ব্যাপক প্রচারের স্বার্থে, যাতে সিরাত পাঠের মাধ্যমে আমরা রাসুল সা:-এর জীবনী সম্পর্কে জানতে পারি।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
শিবিরের সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিবিরের সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে রমজানে সিরাত পাঠ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমেদ। তিনি রাসুল সা:-এর জীবনী নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মাসুদ রানা তুহিন বলেন, ‘আমরা রমজান মাসে রাসুল সা:-এর জীবনীগ্রন্থ ‘রাসুল সা:-এর বিপ্লবী জীবন’ বিষয়ক সিরাত প্রতিযোগিতার আয়োজন করি। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভিডিও বক্তব্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই দু’টি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার জন্যই আজকের এই আয়োজন। ছাত্রশিবির এই আয়োজন করেছে সিরাতকে ব্যাপক প্রচারের স্বার্থে, যাতে সিরাত পাঠের মাধ্যমে আমরা রাসুল সা:-এর জীবনী সম্পর্কে জানতে পারি।

কেননা আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসুল সা:-এর জীবন। কাজেই তার জীবন থেকে আমরা শুধু ধর্মীয় অনুশাসনই নয়; বরং ন্যায়পরায়ণতা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিকতার সর্বোত্তম শিক্ষা পাই। বর্তমান সমাজের সঙ্কট উত্তরণে তার আদর্শ অনুসরণই হতে পারে আমাদের সর্বোত্তম পথ।’

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় তিনজন বিজয়ীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। সিরাত প্রতিযোগিতায় ১০ জনের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সিরাত গ্রন্থ তুলে দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিযোগীদের সিরাত গ্রন্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল ও অর্থ সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ান।