বিদেশি শ্রমিক নিয়োগের দাবি মালয়েশিয়ার মন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমিক সঙ্কট মোকাবিলায় বিদেশি শ্রমিকের প্রকৃত চাহিদা নির্ধারণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বিদেশি শ্রমিকে আগ্রহী মালয়েশিয়া
বিদেশি শ্রমিকে আগ্রহী মালয়েশিয়া |নয়া দিগন্ত

দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সব সেক্টরে সরাসরি বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে দেশটির সরকার। ফলে কর্মী সঙ্কটে ভুগছে উৎপাদন, বিপণন ও নির্মাণ খাতগুলো। সরকার বলছে গুরুত্বপূর্ণ সব সেক্টরে স্থানীয় কর্মী নিয়োগ করে বিদেশি কর্মীর নির্ভরতা হ্রাস করাই তাদের লক্ষ্য। কিন্তু বাস্তবে এর উল্টো প্রতিফলন দেখা যাচ্ছে। মালয়েশিয়ানরা ভারী কাজ, নির্মাণ, কৃষি, রোদের মধ্যে কঠোর পরিশ্রম হয় এমন কাজ কোনো সময়ই করতে পারে না। তাই এসব সেক্টরে বিদেশি কর্মীই একমাত্র ভরসা।

মালয়েশিয়ার শ্রমিক সঙ্কট মোকাবিলায় বিদেশি শ্রমিকের প্রকৃত চাহিদা নির্ধারণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল।

তিনি বলেন, ‘নির্মাণ, রেস্তোরাঁসহ বিভিন্ন খাত থেকে অতিরিক্ত শ্রমিকের চাহিদা জানিয়ে আবেদন আসার পর বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান জাতীয় নীতিমালা ও নির্ধারিত সীমা বিবেচনায় রেখে এসব আবেদন সতর্কতার সাথে পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তাদের আওতাধীন শিল্প ও খাত থেকে শ্রমিকের প্রকৃত চাহিদা, জনবল ঘাটতি এবং বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।’

দীর্ঘদিন চলমান শ্রমিক সঙ্কটের কারণে ব্যবসায়ী ও শিল্পমালিকরা সরকারের কাছে নতুন জনবল অনুমোদনের দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে নির্মাণ, কৃষি, উৎপাদন ও খাদ্যসেবা খাত বিদেশি শ্রমিকের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এসব খাতে সঙ্কট আরো প্রকট হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা সতর্ক করে বলেছেন, নতুন শ্রমিক নিয়োগে বিলম্ব হলে নির্মাণ প্রকল্পের কাজ পিছিয়ে যেতে পারে, ব্যবসা পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে এবং অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।