অস্ট্রিয়ায় বসবাসকারী মুসলমানদের সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী সংস্থা ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লোয়ার অস্ট্রিয়ার ভিনার নয়েডর্ফে অবস্থিত পালম ইভেন্ট সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির প্রেসিডেন্ট, তুর্কি বংশোদ্ভূত অমিত ভুরাল। তিনি মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য, এর শিক্ষা, অস্ট্রিয়া ও ইউরোপে মুসলমানদের নানা চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি অস্ট্রিয়ায় মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক ভূমিকা রাখায় বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মূল্লুগ্গলো, অথরিটির ভাইস-প্রেসিডেন্ট (বসনিয়ান বংশোদ্ভূত) আদিস কান্দিস, ভিয়েনা প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য ইঞ্জিনিয়ার ওমর আল-রাবি ও আসলিহান বজাতেমার, অথরিটির সাবেক প্রেসিডেন্ট ড. আনাস শাকফে, ড. ফুয়াদ সানাচ, সুপ্রিম কাউন্সিল ও কেন্দ্রীয় শূরা সদস্যবৃন্দ, ধর্মতাত্ত্বিক উপদেষ্টা পরিষদের সদস্য, অস্ট্রিয়ার বিভিন্ন স্কুল-কলেজে ইসলামী ধর্মীয় শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের পরিদর্শকবৃন্দ, ইমাম পরিষদের প্রতিনিধিরা এবং তুর্কি, বসনিয়ান, আরব, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ানসহ ১০টি ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক মুসলিম নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশী কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল সদস্য ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মদ। এছাড়া ভিয়েনা মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুরাদুল আলম, ড. ফারুক আল মাদানী, ড. মাহমুদুল হাসান, রায়হান সিকদার, মাসুদ পারভেজ, আল আরাফাত তপু, রফিকুল ইসলাম রুবেল ও নাবিল আহমেদসহ প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



