বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

‘নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে আমি খুবই আনন্দিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করা এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আমার উষ্ণ অভিনন্দন জানানোও একটি বিরাট সৌভাগ্যের বিষয় ছিল।’

ওমর ফারুক, মালদ্বীপ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, (ডানে) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, (ডানে) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল |নয়া দিগন্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাই এক্স হ্যান্ডলে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় বলা হয়, ‘নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে আমি খুবই আনন্দিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করা এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আমার উষ্ণ অভিনন্দন জানানোও একটি বিরাট সৌভাগ্যের বিষয় ছিল।

মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। এই মূল্যবান অংশীদারিত্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং সমৃদ্ধ করার জন্য উভয়ের যৌথ স্বার্থে, সুবিধাজনক সময়ে মালদ্বীপে আপনার সরকারী সফরের জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত।

আমি আপনার সাথে আবার দেখা করার এবং সহযোগিতার নতুন পথ চিহ্নিত করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগের জন্য উন্মুখ। আমাদের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পৃক্ততা ও সহযোগিতা আরো বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গে, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুসহ তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল, রাষ্ট্রপতির বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রধান সচিব মোহাম্মদ নাসির ও রাষ্ট্রপতির নীতি ও ইশতেহারবিষয়ক প্রধান সচিব হুসেইন ফাহমি।