মালয়েশিয়ায় বাংলাদেশী উদ্যোক্তার ‘আইন বুটিক ও সুভ্যেনির’ উদ্বোধন

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাণিজ্যিক স্পট বুকিত বিনতাংয়ে সফল বাংলাদেশী উদ্যোক্তা হাজী হাসান আলীর ‘আইন বুটিক ও সুভ্যেনির’-এর উদ্বোধন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এতিম শিশুদের নিয়ে শোরুম উদ্বোধন
এতিম শিশুদের নিয়ে শোরুম উদ্বোধন |নয়া দিগন্ত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাণিজ্যিক স্পট বুকিত বিনতাংয়ে সফল বাংলাদেশী উদ্যোক্তা হাজী হাসান আলীর ‘আইন বুটিক ও সুভ্যেনির’-এর উদ্বোধন করা হয়েছে।

দেশটির প্রধান পর্যটন কেন্দ্র বুকিত বিনতাং মনোরেল স্টেশনের নিচে বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় ব্র্যান্ড ‘আইন বুটিক’ নামে নতুন শাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটি প্রথাগত অনুষ্ঠানের চেয়ে আলাদা ছিল। এতে স্থানীয় মালয়েশিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ, দাতো, দাতিন, শিল্পপতি, ব্যবসায়ী শ্রেণির উচ্চপদস্থ ব্যক্তিত্ব এবং কমিউনিটির নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল এতিম শিশুদের অংশগ্রহণ, যাদের সাথে নিয়ে হাজী হাসান আলী তার এই নতুন যাত্রা শুরু করেন।

এই শোরুমটি মূলত পর্যটকদের জন্য একটি বিশেষায়িত গন্তব্য, যেখানে বাটিক পোশাকের পাশাপাশি বাংলাদেশী মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নানা স্মারক বা সুভ্যেনির সংগ্রহ করা যাবে।

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা
ব্যবসায়িক সফলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে হাজী হাসান আলী এতিম শিশুদের নিয়ে এই আনন্দ উদযাপন করেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। একজন বাংলাদেশী হিসেবে সফলতার প্রতিফলনে তিনি তার কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে মালয়েশিয়ার রিটেইল সেক্টরে এক পরিচিত নাম হয়ে উঠেছেন। যা অন্যান্য বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

প্যাভিলিয়ন ও বুকিত বিনতাংয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই বৃহৎ আউটলেটটি প্রবাসে বাংলাদেশীদের বাণিজ্যিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এই আইন বুটিক নিজস্ব ডিজাইনে তৈরি পণ্যগুলো সরাসরি তাদের বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় অবস্থিত ফ্যাক্টরি থেকে আসে। ফলে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য আসায় ক্রেতারা পাইকারি মূল্যে খুচরা পণ্য কেনার সুযোগ পাবেন।

উদ্বোধনী বক্তব্যে হাজী হাসান আলী বলেন, ‘একজন বাংলাদেশী হিসেবে বিশ্ব পর্যটনের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে অরিজিনাল বাটিক এবং উন্নতমানের সুভ্যেনির পৌঁছে দিতে পারা আমার জন্য গর্বের। আমরা আমাদের এতিম শিশুদের দোয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভালোবাসাকে সাথে নিয়ে এই যাত্রা শুরু করলাম। এটি প্রবাসে আমাদের সম্মিলিত সাফল্যের জয়গান।’