‘কোচিং সেন্টার’ বলে কটূক্তি

ববি হাজ্জাজের বক্তব্যে ঢাবির সাদা দলের ক্ষোভ

বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে “চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন” মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’-এর সাথে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (২৯ মে) সাদা দলের আহ্বায়ক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. আবদুস সালাম এবং ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে “চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন” মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাংকিংয়েও এটি দেশের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএআরএস) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএসএসআর) উল্লেখযোগ্য। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড আন্তর্জাতিক জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করছেন বলেও উল্লেখ করা হয়।

সাদা দলের নেতারা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী অসত্য তথ্যের ভিত্তিতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ অংশ। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা ছিল ঐতিহাসিক।

এ ছাড়া স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১/১১-পরবর্তী অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বাঙালির সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ধারক হিসেবে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমিত বাজেট ও নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবদান বিশ্বব্যাপী সমাদৃত।

সাদা দলের ভাষ্য, “বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়।” এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সম্পর্কে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে “ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার” ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

নেতারা বলেন, এ ধরনের বক্তব্য “অজ্ঞতাপ্রসূত” এবং তা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

বিবৃতিতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।