রাবিপ্রবি ভিসিকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের, কার্যালয়ে তালা

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে সংবাদ সম্মেলন থেকে এ অপসারণের দাবি তুলে তালা ঝুলিয়ে দেয়া হয়।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাবিপ্রবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন
রাবিপ্রবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসিকে অপসারণের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে সংবাদ সম্মেলন থেকে এ অপসারণের দাবি তুলে তালা ঝুলিয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল-খুশি মতো নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধ্যান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি দলের পক্ষে দলীয়করণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।

তারা আরো অভিযোগ করেন, ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দের অতিরিক্ত জ্বালানি উত্তোলন, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে। তাছাড়াও ভিসি ৫ আগস্টের পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদ বেদিতে ছাত্রদলের দেয়া ফুল ছুড়ে ফেলে দিয়েছিলেন।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভিসিকে অপসারণের দাবি তুলে আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতারা।

তবে তারা জানিয়েছে, আন্দোলনের মধ্যেও ক্লাস, পরীক্ষা ও ফলাফল কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এতে তারা বাধার কারণ হবেন না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের বিশ্ববিদ্যলয় কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সরকার, সদস্য সচিব জিশান আহম্মেদসহ অন্য নেতারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিসি ড. মো: আতিয়ার রহমান বলেন, ‘ইতোপূর্বে নিয়োগ সম্পর্কিত বিষয়গুলোর ব্যাখ্যা তথ্য-উপাত্তসহ শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রতিটি নিয়োগই আমরা সম্পন্ন করেছি ইউজিসি’র (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নীতিমালা ও বিশ্ববিদ্যালয় নীতিমালা মেনে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে। তারপরও যদি কারো কোনো তথ্য জানার থাকে, প্রশ্ন থাকে, সরাসরি আমার থেকে জানার সুযোগ রয়েছে।’

আওয়ামী পুনর্বাসনের বিষয়ে প্রশ্ন করলে ভিসি বলেন, ‘এ বিষয়ে আমরা জানি না, গতকাল যে তিনজনের কমিটি হয়েছে সেখানে গণঅভ্যুত্থান পরবর্তীকালে ইন্টেরিম সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রতিনিধিত্ব করা একজনকে অভিজ্ঞতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে টিমের সদস্য হিসেবে সংযুক্ত করা হয়েছে।’