ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সাইবার বুলিং বা অপপ্রচারের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অতীত কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্র হননের ঘটনা ঘটছে। বিশেষ করে ছাত্রী প্রার্থীদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের নজির পাওয়া যাচ্ছে, যা মানবাধিকার পরিপন্থী।
রিটার্নিং কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে।
সূত্র : বাসস



