রাবি গ্রন্থাগারের এসি নিয়ে ব্যাখ্যা দিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় তা সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন।

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মন্তব্যের পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর ব্যাখ্যা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ আর্থিক বরাদ্দের আওতায় কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের পাশাপাশি টাইলস সংযোজন, পানির লাইন প্রতিস্থাপন, ওয়াশরুম সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

এতে আরো বলা হয়, গ্রন্থাগারের পাঠকক্ষগুলোতে স্থাপন করা ১০টি এয়ার কুলার সচল রাখতে প্রয়োজনীয় অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিশ্চিত করার জন্য ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গ্রন্থাগার প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রয় ও বাস্তবায়ন কমিটি উন্নয়ন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছে। তবে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় তা সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন।

উল্লেখ্য, প্রচণ্ড গরমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়তে এসে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের পাঠকক্ষের জন্য ১০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনা এবং স্থাপন করা হলেও প্রয়োজনীয় ট্রান্সফরমার সংযোগ না থাকায় এসিগুলো চালু করা সম্ভব হয়নি।