ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

ফাইনাল ম্যাচে ছেলেদের বিভাগে জগন্নাথ হল চ্যাম্পিয়ন ও বিজয় একাত্তর হল রানার্সআপ হয়েছে। নারী শিক্ষার্থীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শামসুন্নাহার হল ও রানার্সআপ হয়েছে কবি সুফিয়া কামাল হল।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত এবং দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে ছেলেদের বিভাগে জগন্নাথ হল চ্যাম্পিয়ন ও বিজয় একাত্তর হল রানার্সআপ হয়েছে। নারী শিক্ষার্থীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শামসুন্নাহার হল ও রানার্সআপ হয়েছে কবি সুফিয়া কামাল হল।

DU-14-8--2

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সভাপতিত্ব করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজী, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মানিক, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামসুল আলম। পুরো অনুষ্ঠানজুড়ে ধারাভাষ্য দেন ডাকসুর সদস্য ইমরান হোসাইন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ ও আগ্রহের পরিপ্রেক্ষিতে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডাকসুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

ডাকসু জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং সুস্থ ও ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।