প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই বেরোবি ভিসির নিয়োগ বাতিল

‘একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ড. আনিসুর রহমান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোগো
অধ্যাপক ড. আনিসুর রহমান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোগো |সংগৃহীত

প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির সপ্তম ভিসি হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক।

নিয়োগ সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তবে প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করা হয়।