‘বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে’ বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, ‘এক বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোনো অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতা স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।’
বক্তব্যের আগে অদম্য ২৪ উদ্বোধন করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর কামরুল আহসান বলেন, ‘সংঘবদ্ধ আন্দোলনে ৫ তারিখে আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর স্বর আপনারা শুনবেন না। আপনারা দেখবেন, জাহাঙ্গীরনগরের সকল শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, আজকের এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারো তাদের সেই কার্যক্রম শুরু করবে, গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আবার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা।



