নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও এর ব্যবহারিক গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা যদি প্রযুক্তিগত উন্নয়নের দিকে ধাবিত হতে চাই, তাহলে আমাদকে বিদ্যুত ও জ্বালানি নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার মাধ্যমে এর বিকল্প উৎস খুঁজে বের করতে হবে এবং জাতীয় উন্নয়নের জন্য তা ব্যবহারের মাধ্যমে বিদ্যুত ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এনার্জি (বিদ্যুত ও জ্বালানি) আমাদের প্রধান চালিকা শক্তি। একটি দেশের বাস্তব উন্নয়ন চিহ্নিত করার জন্য বেশ কিছু সূচক থাকে। তার মধ্যে পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি (মাথাপিছু বিদ্যুতের ব্যবহার) অন্যতম। যেসব দেশ প্রযুক্তিসহ শিক্ষা ও গবেষণায় উন্নত, সেসব দেশের পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি তুলনামূলক বেশি।’
বুধবার রুয়েটের সেমিনার রুমে আয়োজিত ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ : ডিজাইনিং এ গ্রিন ট্রাঞ্জিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইন্সটিটিউট অব এনার্জি অ্যান্ড ইনভারোনমেন্টাল স্টাডিজ (আইইইএস) এবং রুয়েট দিনব্যাপী এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস-এর পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম।
প্রতিযোগিতায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আটটি দল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সংক্রান্ত উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্যে এভার ফ্রেশ দল চ্যাম্পিয়ন হয়। অপচয়-জিরো ফাস্ট রানারআপ এবং গ্রিনারি গ্রিড দ্বিতীয় রানারআপের পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান ও সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট মো: মেহেদি হাসান শামিমসহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজকদের প্রতিনিধিরা।



