ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভিনব ‘শান্তি চুক্তি’

রোববার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন ও কোলাকুলি করেন।

নয়া দিগন্ত অনলাইন
সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হয়েছে
সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হয়েছে |সংগৃহীত

সংঘর্ষ ও মারামারি বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক অভিনব পদ্ধতিতে ‘শান্তি চুক্তি’ হয়েছে।

সম্প্রতি ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এতে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে।

এই সমস্যার সমাধানে শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তির মতো এক অভিনব উদ্যোগ নেয় পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এই শান্তি চুক্তির আয়োজন করেন।

তবে তিনটি কলেজের মধ্যে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেননি।

রোববার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন ও কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ওসি মাহফুজুল হক বলেন, ‘আমি এখানে জয়েন করার পরে বেশ কয়েকবার মারামারি হয়েছে। বেশ কয়েকবার আমি কলেজগুলোর শিক্ষকদের সাথে বসেছি। কিন্তু মূল সমস্যা যাদের, তাদেরকে নিয়ে একবারও বসা হয়নি। তো আমি শিক্ষার্থীদের সাথেও যোগাযোগ করি। দুই পক্ষকে বসার কথা জানাই। তারা রাজি হয়।’

তিনি জানান, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়, ফুল দেয় এবং কোলাকুলি করে।

তবে সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের গতকাল শনিবার রাতে বিষয়টি জানানোয় সময় স্বল্পতার কারণে তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। ভবিষ্যতে আবারো তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমঝোতায় বসবেন বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, আগে একটি সংঘর্ষকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের বিরুদ্ধে ঢাকা কলেজের করা মামলাটি আইনি প্রক্রিয়ায়ই সমাধান করা হবে বলে জানান তিনি।

সূত্র : বিবিসি