জাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৭ শিক্ষার্থী

‘ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধার যে স্বাক্ষর রেখেছে, কর্মজীবনেও তারা সফলতার মাধ্যমে নিজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।’

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে ২০২০ ও ২০২১ সালে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউট থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়। একইসাথে প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়।

অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধার যে স্বাক্ষর রেখেছে, কর্মজীবনেও তারা সফলতার মাধ্যমে নিজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।’

তিনি বলেন, ‘মেধার পাশাপাশি নৈতিক মানুষ হওয়াও জরুরি। নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক কাজই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।’

এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার অঙ্গীকার থাকা, ইতিবাচক চিন্তাচেতনা ধারণ করা এবং নিজেদের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবদুর রব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো: মুনতাকিমুল বারী চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।