অধিভুক্ত সকল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ১৬ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে এই সময়বৃদ্ধি কার্যকর হবে।
এছাড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটিও এর অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) আগামী ৩১ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
সূত্র : বাসস


