রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে বিসিএস (শিক্ষা) ক্যাডারভুক্ত সরকারি কলেজের পাঁচ শিক্ষককে প্রেষণে পদায়ন করেছে সরকার। প্রতিষ্ঠানটির মূল (বালিকা) ক্যাম্পাস ছাড়া অন্য পাঁচ শাখার প্রধান হিসেবে এ পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষাবোর্ড।
বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো: আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান বৃদ্ধি ও অনিয়ম-অব্যবস্থাপনা দূর করতে প্রতিষ্ঠানটির মূল (বালিকা) ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি পাঁচটি শাখার জন্য একজন করে পৃথক শাখা প্রধান হিসেবে স্ব-বেতনে প্রেষণে পদায়ন করা হলো।
প্রেষণে পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে হাজারীবাগ সরকারি কলেজে সংযুক্ত সহযোগী অধ্যাপক (বাংলা) মো: আব্দুল হালিমকে মূল বালক ক্যাম্পাসে (৬০ ফিট রোড), কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে সংযুক্ত সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) মো: নজরুল ইসলামকে প্রতিষ্ঠানটির কলেজ ক্যাম্পাসে (রূপনগর), টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে সংযুক্ত সহযোগী অধ্যাপক (ইংরেজি) মোহাম্মদ আক্তার হোসেনকে প্রতিষ্ঠানটির শাখা-১ (রূপনগর) ক্যাম্পাসে শাখা প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রসায়ন) শেখ শাহরীয়ার হাসানকে শাখা-২ (ইব্রাহিমপুর) ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) মুহাম্মাদ নুর-এ-আলমকে শাখা-৩ (শেওড়াপাড়া) ক্যাম্পাসের শাখা প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।
শাখা প্রধানদের দায়িত্ব সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, পদায়ন পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শাখার শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
এর আগে, প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম-দুর্নীতি রোধে গত ২১ জুন দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষাবোর্ড। বিশেষ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ম. হামিদুল হক মানিক। তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় শাখার পরিদর্শক, শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ, অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
এর আগে, প্রতিষ্ঠানটিতে তদারকি জোরদার এবং অনিয়ম–দুর্নীতি রোধে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, মনিপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নজরদারি ও উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। একই সাথে প্রতিষ্ঠানটির মূল শাখা ছাড়া বাকি পাঁচটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের পাঁচজন কর্মকর্তাকে নিয়োগ দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়। তারা সংশ্লিষ্ট শাখাগুলোর প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত ১৭ মে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির তদারকি জোরদার এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়।



