নারী শিক্ষার্থীকে ধাক্কা দেয়ার ঘটনায় রাজধানী পরিবহনের ২৫ বাস আটক

‘দুপুর ১২টার দিকে মিটিং হবে বাস মালিক কর্তৃপক্ষের সাথে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
রাজধানী পরিবহনের বাস
রাজধানী পরিবহনের বাস |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে রাজধানী পরিবহন বাসের সহকারী ধাক্কা দেয়ার ঘটনায় ২৫টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা আক্তার লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে গেলে বাস সহকারী তাকে ওঠাতে চাননি। জোর করে বাসে ওঠার পর চালক ও সহকারী তাকে গালিগালাজ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ডেইরি গেটে নামার সময় ওই সহকারী তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন।

ঘটনার পর সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিক্যালে নেয়া হয়।

শিক্ষার্থী হালিমা খাতুন জানান, ‘গতকাল সন্ধ্যায় টিউশনি শেষ করে পাকিজা থেকে বাস উঠতে যাওয়ার সময় বাস সহকারী আমাকে জিজ্ঞেস করে, কোথায় যাব? আমি বলেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাব। জাবির নাম শুনে আমাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে নামার সময় চলমান বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি।’

এ বিষয়ে ভুক্তভোগীর এক সহপাঠী বলেন, ‘যে সহকারী আপুকে ধাক্কা দিয়েছে তাকে ক্ষমা চাইতে হবে এবং পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে যেন আর কোনো শিক্ষার্থীর সাথে এ ধরনের আচরণ না করে। এছাড়া আমরা হালিমার চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দাবি করছি।’

রাজধানী পরিবহনের এক কর্মকর্তা বলেন, ‘শুনেছি, আমাদের একটি বাস এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এর পর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। আমরা ঘটনার সাথে জড়িত সহকারীকে শনাক্ত করার চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘একজন মানুষকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। গতকাল আমাদের শিক্ষার্থীদের সাথে যা হয়েছে সেটি অত্যন্ত অমানবিক। আমার সাথে ইতোমধ্যে বাস মালিকের সাথে কথা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে মিটিং হবে বাস মালিক কর্তৃপক্ষের সাথে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’