দেশের অনেক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না। ফলে চাকরির বাজারে কেবল শিক্ষাগত সনদ নয়, বরং প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই শিক্ষাজীবন থেকেই নিজেকে যুগোপযোগী দক্ষতায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিটি ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো: আশানুর রহমান।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ক্যারিয়ার বিষয়ক মেগা ইভেন্ট ‘গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেজেন্টস সিটিআরএল+ এসটিএআরটি ২০২৬’-এর প্যানেল ডিসকাশন এবং ক্যারিয়ার ম্যাপিং সেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ই-বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব, জাবি (ইইসি-জেইউ) এ আয়োজন করে।
আশানুর রহমান বলেন, ‘আজকের বাস্তবতা হলো, অনেক প্রতিষ্ঠানই প্রয়োজনীয় দক্ষ জনবল খুঁজে পাচ্ছে না। চাকরি আছে, কিন্তু সেই চাকরির জন্য উপযুক্ত দক্ষতাসম্পন্ন মানুষ পাওয়া যাচ্ছে না। তাই শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, প্রতিষ্ঠান যে ধরনের দক্ষতা চায়, নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে ভালো অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা, কার্যকর যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা, কৌতূহল, ডিজিটাল দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিনিয়ত নিজেকে নতুন দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। কর্মক্ষেত্র দ্রুত বদলে যাচ্ছে। যে ব্যক্তি পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে এবং নতুন প্রযুক্তি আয়ত্ত করবে, ভবিষ্যতের চাকরির বাজারে তার চাহিদাই সবচেয়ে বেশি থাকবে।’
এআই প্রসঙ্গে তিনি বলেন, ‘এআই আপনার চাকরি নিয়ে নেবে এমনটা ভাবার কারণ নেই। বরং যে ব্যক্তি এআই দক্ষতার সাথে ব্যবহার করতে পারবে, সেই এগিয়ে থাকবে। তাই প্রযুক্তিকে ভয় না পেয়ে এটিকে কাজে লাগানোর সক্ষমতা গড়ে তুলতে হবে। চাকরি খুঁজে বেড়ানোর আগে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, যাতে প্রতিষ্ঠান আপনাকে খুঁজে নেয়। নিজের দক্ষতাই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাসান মহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর হেড অব অ্যাডভাইজরি ও ইনসাইডার ইনসাইট বাংলাদেশ-এর কো-ফাউন্ডার আহনাফ মুহাম্মদ তৌসিফ এবং বৃত্তের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকি আনান। তারা আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
দিনব্যাপী আয়োজনে টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন অ্যাক্টিভেশন বুথে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরামর্শ, অ্যাকাউন্ট্যান্সি বিষয়ক তথ্য এবং করপোরেট স্কিল উন্নয়নের সুযোগ রাখা হয়। হেডস্টার্ট প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্সি সার্ভিসেস তাদের বুথে শিক্ষার্থীদের পেশাগত পরামর্শ দেয়। পাশাপাশি বিশেষজ্ঞদের মাধ্যমে এটিএস (এটিএস) উপযোগী সিভি তৈরির কৌশল নিয়ে সিভি অ্যাসেসমেন্ট সেশনও অনুষ্ঠিত হয়।
এছাড়াও আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যম’ এই ইভেন্টের অফিশিয়াল কালচার পার্টনার হিসেবে যুক্ত ছিল। ইউথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে ছিল ‘টিবিএস গ্র্যাজুয়েটস’ এবং অফিশিয়াল ফটোগ্রাফি পার্টনার হিসেবে পুরো অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ‘মুখোশ মানুষ’।



