রাজধানীর খিলগাঁওয়ের কোয়ালিটি এডুকেশন কলেজে সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহস্রাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোয়ালিটি এডুকেশন কলেজের গভর্নিং বডির সভাপতি কবির আহমদ। সভাপতিত্ব করেন কোয়ালিটি এডুকেশন কলেজের অধ্যক্ষ এ কে এম ফেরদৌস খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক ড. আবু সাঈদ মিয়া। কলেজ পরিচালনা পর্ষদের ড. আব্দুল্লাহ মিজানসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কবির আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘তোমাদের আজকের এ ভালো ফলাফলের জন্য তোমাদের বাবা-মা, ও শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। তোমাদের মনে রাখতে হবে, তোমরাই জাতির মেরুদণ্ড ও আগামীর নেতৃত্ব।”
তিনি আরো বলেন, দূরের কলেজ নয়, তোমার বাসার কাছের কলেজটিই পারে তোমাদের পরবর্তী ভালো ফলাফলে সহযোগিতা করতে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এ কে এম ফেরদৌস খান প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরেন। এতে দেখা যায়, সকল শিক্ষার্থীর জিপিএ এসএসসির চেয়ে এইচএসসিতে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমীর হোসেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেস্ট প্রদান ও অ্যাপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।



