রাজধানীতে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

চাঁদাবাজি, ছিনতাই ও বিচারবহির্ভূত হত্যা আগের চেয়ে বেড়েছে। অপরাধী যেই হোক না কেনো প্রত্যেকটি হত্যাকাণ্ডেরই নিরপেক্ষ বিচার হওয়া উচিত।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Dhaka
বিক্ষোভে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা
বিক্ষোভে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতারা |নয়া দিগন্ত

সম্প্রতি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিডফোর্ড) সামনে ব্যবসায়ী লাল চাঁদকে (সোহাগ) প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘খুনি হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়ার সময় আমরা ভেবেছিলাম দেশে ফ্যাসিবাদের অবসান ঘটবে এবং অতীতের সব গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার হবে। কিন্তু দুঃখজনকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে চাঁদাবাজি, ছিনতাই ও বিচারবহির্ভূত হত্যা আগের চেয়েও বেড়েছে। অপরাধী যেই হোক না কেনো প্রত্যেকটি হত্যাকাণ্ডেরই নিরপেক্ষ বিচার হওয়া উচিত।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি শুরু থেকেই এসব হত্যা ও ধর্ষণের বিচার করতো, তাহলে কেউ আর মব কালচারের পুনরাবৃত্তি করার সাহস দেখাতো না। দেশের বিভিন্ন স্থানে একাধিক মব হামলার ঘটনা ঘটলেও শুধু মিডফোর্ডের সামনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। যারা গুম, খুন, সন্ত্রাস, এবং হত্যার সাথে জড়িত—তাদের কোনো দল থাকতে পারে না। তারা কেবল সুবিধাবাদী। জনগণকে এদের থেকে সতর্ক থাকতে হবে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’