৩ দফা দাবিতে সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বুধবার বেলা সোয়া ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনকারীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা দেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করছেন। এতে অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।

৩. কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।