আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ
‘অল অ্যানিমেল ডিজার্ভ এ গুড লাইফ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণীর আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক জ্ঞান ছড়িয়ে দেয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণী পালনে উৎসাহিত করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ও আইএসএইয়ের কান্ট্রি লিইয়্যেশন ড. জসিম উদ্দিন।
কর্মশালায় বক্তারা প্রাণী কল্যাণবিষয়ক বিভিন্ন বক্তব্য রাখেন। তারা বলেন, ‘বাংলাদেশে প্রাণী কল্যাণের বিভিন্ন আইন ও নীতিমালা রয়েছে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। আইনের প্রয়োগ হলেই কেবল প্রাণী কল্যাণ উন্নয়ন সম্ভব হবে।’
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ বলেন, ‘প্রাণী কল্যাণ সম্পর্কিত এ আয়োজন সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করবে। ফলে পশু-পাখি এবং মানুষের মাঝে সহাবস্থান তৈরি হবে।’
ভেটেনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জিয়াউল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেনারি কাউন্সিলের রেজিস্টার ড. গোপাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মো: জালাল উদ্দিন সরদার ও যবিপ্রবি ভেটেনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।



