হাদি হত্যার বিচারের দাবিতে করা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে রায় সাহেব মোড় হয়ে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘পুলিশ না বিচার, বিচার বিচার’, এক হাদি কবরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এই মুহূর্তে দরকার, পুলিশ লীগের সংস্কার’ সহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘লাল জুলাইয়ের অন্যতম প্রতীক ইনকিলাব মঞ্চ। তাদের ওপর হামলা মানে এ সরকার আমাদের নয়। ফলে পুলিশের এই পেটুয়া বাহিনীকে অবশ্যই সংস্কার করতে হবে।’
জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা অওরিন বলেন, ‘আমার হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমরা হাদি হত্যার বিচার চাই। পুলিশ লীগের সংস্কার করতে হবে।’
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘আজকের এ হামলার মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত করছে, আমরা দেখতে পাচ্ছি। যা ১২ তারিখে জনগণ ম্যান্ডেট দিয়ে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করবে। তারপরে পুলিশ লীগের সংস্কার করা হবে।’ ততদিন সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘যখন প্রকাশ্যে অপকর্ম করে লীগের কর্মীরা। তখন পুলিশ বিড়ালের বাচ্চা হয়ে যায়। আর আমাদের ভাইয়েরা ন্যায্য দাবি নিয়ে মাঠে নামে তখন পুলিশ নেকড়ে হয়ে যায়।’ তিনি সবাইকে সজাগ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় জকসুর নির্বাচিত প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



