পদত্যাগ করলেন ঢাবি ভিসি নিয়াজ আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান |ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।

ভিসির প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য মহোদয় রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। যদিও মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

তিনি বলেছিলেন, ‘এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।’

সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলেছিলেন, আপদকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে।

তিনি বলেছিলেন, ‘বিশেষ ধরনের পরিস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপদকালিন পরিস্থিতি ছিল।’