দায়িত্ব থেকে সরে যেতে চান ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান দায়িত্ব থেকে সরে যেতে চান। তবে প্রশাসনিক ধারাবাহিকতার স্বার্থে অংশীজনরা চাইলে কিছু সময় দায়িত্বে থাকার কথাও জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান |সংগৃহীত

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি ফিরতে চান নিয়মিত শিক্ষকতায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য সরকার কিছু সময় নিতে চাইলে তিনি সেটি বিবেচনা করতে রাজি আছেন বলেও জানান।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।’

সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি বলছেন, আপদকালীন বা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিয়ে তাদের মতো প্রশাসন সাজাবে।

তিনি বলেন, ‘বিশেষ ধরনের পরিস্থিতিতে এই দায়িত্ব পেয়েছিলাম, খুবই আপদকালিন পরিস্থিতি ছিল।’

এখনো সীমাবদ্ধতা রয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফলও দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।