জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫ ব্যাচ) স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবেশিকা অনুষ্ঠান। এতে নতুন শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় এক ভিন্ন উচ্ছ্বাস।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ভিসি অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এ বি এম আজিজুর রহমান নবীন শিক্ষার্থীদের নিজ নিজ অনুষদের ডিনদের কাছে পাঠক্রম সম্পাদনের জন্য উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট ডিনরা শিক্ষার্থীদের বরণ করে নেন। সবশেষে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক ড. আফসানা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন রুনু। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম রাশিদুল আলম শিক্ষার্থীদের ছাত্র শৃঙ্খলা বিধি মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। তোমাদের বুঝতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে শিক্ষিত তরুণ সমাজের ওপর। বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু বাংলাদেশে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। এই বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে তোমাদের মতো শিক্ষার্থীদের।’
তিনি বলেন, ‘লেখাপড়াকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীলতা ও দক্ষতার সাথে যুক্ত করতে হবে। উন্নত বিশ্বের অনেক দেশ জনসংখ্যাগত সঙ্কটের মুখোমুখি হলেও আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে পারি। সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিবর্তনের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে।’
এ সময় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আব্দুর রব, জাকসু প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ অন্যান্যরা।



