পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক এবং ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে ভিসির দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সমন্বয়ে গঠিত এই পরিষদটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে থাকে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বহিরাগত উৎস থেকে গবেষণা ও উন্নয়নমূলক তহবিল সংগ্রহে সহায়তা করাও পরিষদের অন্যতম দায়িত্ব। উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে সুপারিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেও পরিষদটি কার্যকর ভূমিকা রেখে চলেছে।
ড. এস এম আব্দুর রাজ্জাকের এই নির্বাচনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষকসমাজ ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা খাতে আরো কার্যকর, যুগোপযোগী ও ইতিবাচক ভূমিকা পালন করবে।



